
রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা নিয়ে নারায়ণগঞ্জে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমিক নেতা ও সাংবাদিকদের এক ছাদের নিচে নিয়ে এলো বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে এক অনন্য মিলনমেলার মধ্য দিয়ে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সংগঠনটির ইফতার মাহফিল।
গতকাল শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে বৃহৎ পরিসরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

শিল্পনগরী নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর এডিশনাল ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এবং পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
এছাড়াও রাজনৈতিক, পেশাজীবী ও শ্রমিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন এবং বিশিষ্ট শ্রমিক নেতা হাফিজুল ইসলাম। পাশাপাশি জেলার অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে এই সম্প্রীতির আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত থেকে অতিথিদের অভ্যর্থনা জানান বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং সিনিয়র সহ-সভাপতি— অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি শামসুজ্জামান, গওহর সিরাজ জামিল, আশিকুর রহমান, আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক ও নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির দল-মত নির্বিশেষে সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এই চমৎকার উদ্যোগের জন্য বিকেএমইএ-কে ধন্যবাদ জানান।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়সহ সবসময়ই নারায়ণগঞ্জের শিল্প পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। সকলের সমন্বয়ের কারণেই বর্তমানেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এই সময়টুকুতেও যেন শিল্পাঞ্চলের পরিবেশ সুষ্ঠু থাকে, সেজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর এডিশনাল ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শিল্পাঞ্চলে কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাব।”
সভাপতির বক্তব্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারায়ণগঞ্জের শিল্প পরিস্থিতি সর্বদা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি, যা নারায়ণগঞ্জের জন্য একটি বড় সুনাম। আমাদের এই সৌহার্দ্যপূর্ণ অবস্থা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যে নীতি অবলম্বন করে শিল্পাঞ্চলে শান্তি বজায় রেখেছি, এর বাইরে গিয়ে কেউ যদি পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে বা শ্রমিক অসন্তোষ হতে পারে এমন কোনো কাজ করে, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনকে হার্ডলাইনে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
পরে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি, নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ এবং দেশের পোশাক শিল্পের সার্বিক কল্যাণ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত অতিথিরা জানান, মালিক-শ্রমিক, প্রশাসন ও রাজনীতিকদের এক ছাদের নিচে নিয়ে আসার বিকেএমইএ-এর এই মহতী উদ্যোগ নারায়ণগঞ্জে পারস্পরিক সৌহার্দ্য ও শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।







