বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি সংকটের আশঙ্কা

বিকেএমইএ সভাপতি হাতেমকে হেনস্থার চেষ্টা

0
বাংলাদেশের পোশাক শিল্প ও বিশ্ববাজারের ঝুঁকি।
ব্যবসায়িক নেতাদের হেনস্থা করলে বিদেশী ক্রেতারা আস্থা হারাতে পারেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

বাংলাদেশের নিটওয়্যার শিল্পের প্রধান মুখপাত্র ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে রাজনৈতিকভাবে হেনস্তা ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, মোহাম্মদ হাতেম কেবল দেশের একজন সফল ব্যবসায়ীই নন, বরং বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তাকে এভাবে অপমান বা অসম্মান করা হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে ভুল বার্তা যাবে, যা দীর্ঘমেয়াদে দেশের রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

মঙ্গলবার (০৩ মার্চ) নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের মন্তব্যের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই আশঙ্কার কথা উঠে এসেছে।

মোহাম্মদ হাতেম দীর্ঘকাল ধরে ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্বের বড় বড় পোশাক আমদানিকারক দেশের প্রতিনিধিদের সাথে বাংলাদেশের পক্ষে দর কষাকষি করে আসছেন। বিশেষ করে বাংলাদেশের পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা টিকিয়ে রাখা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক অধিকার নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে তিনি বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর। বিদেশি ক্রেতারা তাকে বাংলাদেশের নিট খাতের এক আস্থাশীল ব্যক্তিত্ব হিসেবে চেনেন।

বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো সাধারণত সেই দেশ থেকেই পণ্য কিনতে পছন্দ করে যেখানে ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল এবং ব্যবসায়ী নেতারা সম্মানিত। একজন শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিকে যখন প্রকাশ্য অনুষ্ঠানে রাজনৈতিকভাবে আক্রমণ করা হয়, তখন বিদেশি ক্রেতারা বিনিয়োগ ও ক্রয়াদেশ দিতে ইতস্তত বোধ করেন। তারা এটিকে ব্যবসায়িক অস্থিরতার লক্ষণ হিসেবে দেখেন।

মোহাম্মদ হাতেম আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বাংলাদেশের পোশাক শিল্পের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা করা হলে ওইসব আন্তর্জাতিক সংস্থার কাছে নেতিবাচক বার্তা যায়। এতে বাংলাদেশের পোশাক খাতের ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ যখন নিটওয়্যার রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখার লড়াই করছে, তখন দেশের ভেতরে এমন অভ্যন্তরীণ কোন্দল ও ব্যবসায়ী নেতাদের অপমান প্রতিযোগী দেশগুলোকে (যেমন: ভিয়েতনাম, ভারত) বাড়তি সুবিধা করে দেয়। ক্রেতারা অনিরাপদ মনে করলে বাংলাদেশ থেকে তাদের ক্রয়াদেশ সরিয়ে নিতে পারেন।

নারায়ণগঞ্জের পোশাক রপ্তানিকারকরা বলছেন, “মোহাম্মদ হাতেম আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের ভরসার নাম। তাকে সম্মান না জানানো মানে দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলা। বিদেশি ক্রেতারা যদি দেখেন আমাদের নেতাদের এখানে এভাবে অপদস্থ করা হয়, তবে তারা আমাদের ওপর আস্থা হারাবেন। যার চরম মূল্য দিতে হবে দেশের লাখ লাখ পোশাক শ্রমিক ও সাধারণ মানুষকে।”

অর্থনীতিবিদদের মতে, অর্থনীতির এই কঠিন সময়ে রাজনৈতিক বিভেদের চেয়ে দেশের রপ্তানি বাণিজ্য রক্ষা করা বেশি জরুরি। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী নেতাকে রাজনৈতিকভাবে হেনস্তা করার প্রবণতা বন্ধ না হলে বিশ্ববাজারে বাংলাদেশ তার অবস্থান হারাতে পারে বলে তারা সতর্ক করেছেন।