বক্তাবলী-মধ্যনগর ব্রিজের সংস্কার শুরু: নতুন সেতু নির্মাণের ঘোষণা দিলেন এমপি আল আমিন

2
আব্দুল্লাহ আল আমিনের উন্নয়ন কাজ উদ্বোধন।
বক্তাবলীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সংস্কার কাজের উদ্বোধন করছেন এমপি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও মধ্যনগর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বক্তাবলী-মধ্যনগর ব্রিজের ঝুঁকিপূর্ণ স্লোপ পুনর্গঠন ও ট্রাফিক সেফটি নিশ্চিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন এই সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। একইদিন তিনি মধ্যনগর থেকে দক্ষিণনগর পর্যন্ত নতুন একটি ব্রিজ নির্মাণের ঘোষণাও দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কারিগরি ত্রুটির কারণে জনগুরুত্বপূর্ণ এই সেতুর এক প্রান্তের সংযোগ সড়কটি অত্যাধিক বাঁকা হওয়ায় সেটি ক্রমে বিপজ্জনক হয়ে ওঠে। দ্রুতগামী যানবাহন ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ত। এই স্থানে ইতিপূর্বে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও রেকর্ড করা হয়েছে, যার ফলে দীর্ঘকাল ধরে সড়কটি স্থানীয়দের কাছে আতঙ্কের কারণ ছিল।

বর্তমান প্রকল্পের আওতায় ব্রিজের সেই ঝুঁকিপূর্ণ ও বাঁকা অংশটি ভেঙে পুনরায় প্রশস্ত ও সহজ বাঁক দিয়ে নির্মাণ করা হচ্ছে। এর ফলে বড় যানবাহনগুলো সহজে ও নিরাপদে যাতায়াত করতে পারবে। এছাড়া ব্রিজের স্থায়িত্ব বাড়াতে এবং যান চলাচল মসৃণ করতে নতুন করে টেকসই পিচ কার্পেটিং করা হচ্ছে। যাতায়াত নিরাপদ করতে প্রয়োজনীয় ট্রাফিক সাইন ও সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন জানান, এলাকার যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে মধ্যনগর থেকে দক্ষিণনগর পর্যন্ত একটি আধুনিক ব্রিজ নির্মাণ করা হবে। এটি বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে স্থানীয়রা আশা করছেন।

জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সক্রিয় সহযোগিতা এবং বক্তাবলী ইউনিয়ন ও উপজেলা পরিষদের বিশেষ উদ্যোগে এই সংস্কার ও উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও প্রশাসনিক এই সমন্বয়কে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার সচেতন সমাজ।

তারা মনে করছেন, এই সংস্কার ও নতুন ব্রিজের কাজ সম্পন্ন হলে এলাকার অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার অবসান ঘটবে।