কথায় নয়, কাজেই প্রমাণ দিতে চান নাসিক প্রশাসক সাখাওয়াত

0
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

দায়িত্ব গ্রহণের পর থেকেই বক্তৃতা বা প্রতিশ্রুতির রাজনীতির বাইরে এসে সরাসরি কাজে মনোযোগী হওয়ার বার্তা দিচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—কথার ফুলঝুরি নয়, নগরবাসী তার কাজের মাধ্যমেই মূল্যায়ন করবে।

দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি প্রশাসনের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নাগরিক সেবায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর জোর দেন। নগর ভবনের বিভিন্ন দপ্তরে হঠাৎ পরিদর্শন, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা কমানো এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি বন্ধে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।

নাসিক সূত্রে জানা যায়, প্রশাসক সাখাওয়াত দায়িত্ব নেওয়ার পরপরই পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তনের নির্দেশ দেন এবং সময় বেধে দেন। তিনি পরিস্কার করে জানিয়ে দেন প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়ে বলেছেন দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে না পারলে তাকেই এর মূল্য চুকাতে হবে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে জমে থাকা ময়লা দ্রুত অপসারণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেন, খাল, নালা পরিষ্কার এবং অবৈধ দখল উচ্ছেদে সমন্বিত অভিযান শুরু হয়। দীর্ঘদিন ঝুলে থাকা কিছু উন্নয়ন প্রকল্পে নতুন গতি আসায় নগরবাসীর মধ্যেও আশার সঞ্চার হয়েছে।

প্রশাসনিক সূত্র আরও জানায়, নিয়োগ ও বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণই তার প্রধান লক্ষ্য। অতীতে বিতর্কিত ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের চাপে নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে আইনের আলোকে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে। এতে করে সিটি করপোরেশনের ভেতরে একটি দায়িত্বশীল ও কর্মমুখী পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাগরিক সেবার ক্ষেত্রে প্রশাসক সাখাওয়াত বিশেষ গুরুত্ব দিচ্ছেন সরাসরি জনসম্পৃক্ততায়। বিভিন্ন ওয়ার্ডের সমস্যা জানতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। তার বক্তব্য নগর পরিচালনায় কাগুজে পরিকল্পনার চেয়ে বাস্তব চাহিদা ও মাঠপর্যায়ের তথ্যই বেশি গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, প্রশাসক সাখাওয়াত তা ভাঙতে চাইছেন কার্যকর পদক্ষেপের মাধ্যমে। তিনি জানেন, এই নগরের মানুষ প্রতিশ্রুতি নয় ফলাফল দেখতে চায়। সে কারণেই প্রতিটি সিদ্ধান্তে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই তার কৌশল।

সব মিলিয়ে, নাসিক প্রশাসক হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান স্পষ্ট বার্তা দিয়েছেন ক্ষমতার প্রদর্শন নয়, জনস্বার্থে কাজই তার রাজনীতির ভাষা। আগামী দিনে তার এই কর্মভিত্তিক অবস্থান কতটা টেকসই ও ফলপ্রসূ হয়, সেটিই এখন নগরবাসীর প্রত্যাশা ও অপেক্ষার বিষয়।