
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট তিনি তার যোগদানপত্র জমা দেন।
যোগদানপত্র হস্তান্তরের পর এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী নারায়ণগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন প্রশাসককে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, তার প্রধান লক্ষ্য হবে নাগরিক সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারায়ণগঞ্জের যানজট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। সিটি কর্পোরেশনের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।







