নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে তারেক জিয়া পরিষদের বিক্ষোভ

0

নিষিদ্ধ’ আওয়ামী লীগের অবৈধ মিছিল ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটু।
মিছিলটি ডিআইটি এলাকা থেকে শুরু হয়ে ২ নম্বর রেলগেট, টানবাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া পুলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্য অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটু বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করলেও তাদের দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি শামীম ওসমানের দেশত্যাগ প্রসঙ্গেও মন্তব্য করেন এবং দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনোভাবেই আবার রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিবলু।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন টিটু, মো. জসিম, আবুল হোসেন হাসান, মো. জুয়েল, মো. রফিক, মো. মানিক, মো. জাহাঙ্গীর, মো. শাহীন, মো. শাহ আলম, আব্দুল কাদির, মহিলা বিষয়ক সম্পাদক লাখি বেগম, সদস্য মো. সেলিম, সাব্বির হোসেন ইমন, রুবেল মিয়া, মো. হোসেন, শাহ আলম, শাহ আলম সিকদার, মো. নাজির, মো. শামিম, মো. কালাম, মো. ইউসুফ, মো. মজিদ, মো. রায়হান ও মো. অপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।