
ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক অগ্রবাণী’ পত্রিকার সম্পাদক মো. হারুন অর রশীদ চৌধুরী (স্বপন চৌধুরী) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের এস.ও রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বপন চৌধুরী অটোরিকশাযোগে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। তবে অলৌকিকভাবে চাকার নিচে পিষ্ট হওয়া থেকে রক্ষা পান তিনি।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় স্বপন চৌধুরীর মাথায় গুরুতর আঘাত লেগেছে, যেখানে ৫টি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার বাম হাতের জোড়া ছুটে গেছে এবং কনুইয়ের হাড় ভেঙে গেছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন।
সম্পাদক স্বপন চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।







