তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ: ৩ জন আহত

নারায়ণগঞ্জের দেওভোগে

9
নারায়ণগঞ্জের দেওভোগে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ।
নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের একাংশ।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলার ঝুটের গুদামে।

ভবনটির নিচতলায় একটি ঝুটের গুদাম রয়েছে। প্রতিদিনের মতো শ্রমিকরা সেখানে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় নিচতলার দেয়ালের কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটিয়া ছগির। আহতদের দ্রুত নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিপন ও লিটনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে গেছে এবং দেয়ালের কিছু অংশ ফেটে গেছে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘর থেকে বের হয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে ওই এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল।

খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গুদামের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং ভবনের গ্যাস সংযোগ ও পাইপলাইনের অবস্থা পরীক্ষা করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাস লাইনের ত্রুটি শনাক্ত করে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, পুরনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপলাইনের কারণে প্রায়ই লিকেজের ঘটনা ঘটছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।