
নারায়ণগঞ্জ সমাচার
কাশিপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত একটি নিরাপদ ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে কাশিপুর বড় মসজিদ সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আসন্ন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বারের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট মাওলানা আক্তার হোসেন।
জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট মাওলানা আক্তার হোসেন বলেন, আমরা এমন একটি কাশিপুর দেখতে চাই, যেখানে অভিভাবকরা নিশ্চিত থাকবেন,তাদের সন্তান কখনো মাদকাশক্ত বা কিশোর গ্যাংয়ের সদস্য হবে না। কাশিপুরে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত সরকারি অনুদান যেন প্রতি ইঞ্চি পঙ্খানুপঙ্খানুভাবে সঠিক হকদারের কাছে পৌঁছায়, জামায়াতে ইসলামী সেই ধরনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠন করতে চায়।
তিনি আরও বলেন, এলাকায় কোনো নাগরিক ঘরবাড়ির নির্মাণ বা উন্নয়নমূলক কাজ করতে গেলে চিহ্নিত দুষ্কৃতকারীদের চাঁদা না দিয়ে কাজ করতে পারছেন না। চাঁদাবাজরা যাতে চাঁদা নেওয়ার দুঃসাহস না পায়, সেজন্য পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ লক্ষ্য অর্জনে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং পারিবারিক সচেতনতা ও সুশিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি চব্বিশের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে সেবা দেওয়ার এবং দেশকে সুশৃঙ্খল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।







