
নারীশিক্ষা, স্বাস্থ্য ও নারীদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগরে অবস্থিত মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসায় আয়োজিত জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে নারীশিক্ষা, স্বাস্থ্য এবং নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনো আপস করা যাবে না। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি জ্ঞান ও শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য, আত্মনির্ভরশীল ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে এমপি আব্দুল্লাহ আল আমিন ওয়াশ ব্লকসহ প্রয়োজনীয় অবকাঠামোগত ঘাটতি পূরণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের কল্যাণে যারা ভূমিকা রাখছেন, তাদের দল-মতের ঊর্ধ্বে উঠে সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
বক্তাবলী-আলীরটেক সংযোগকারী সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরা হয়েছে। সেতু নির্মাণের অবস্থান নিয়ে বিভেদ না করে এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় মাদক, চাঁদাবাজি, মাটি কাটা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত বক্তাবলী গড়ে তুলতে দল-মত নির্বিশেষে ভালো কাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোঃ আলী আকবর সিকদার, মাদরাসার সুপার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।







