
সামাজিক ও মানবিক কাজের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের গাবতলীস্থ মারকাযুল ইহসান মাদ্রাসা ও এতিমখানায় ‘রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ ফোর্ট’-এর নিয়মিত প্রজেক্ট ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ ফোর্ট-এর সভাপতি (২০২৬-২০২৭) রোটারিয়ান ডা. রিয়াদ ভূঁইয়ার নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে এতিমখানার শিশুদের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডা. রিয়াদ ভূঁইয়া বলেন, ফল উৎসব তাদের ক্লাবের নিয়মিত মানবিক প্রজেক্ট। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এটি চলমান থাকবে।
এ সময় মাদ্রাসার প্রিন্সিপাল জানান, এতিম ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ছয় মাসের চাল আগের রাতেই শেষ হয়ে যায়। ফলে শিশুদের খাবার নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হয়।
বিষয়টি জানতে পেরে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ ফোর্ট-এর চার্টার প্রেসিডেন্ট (সিপি) সঞ্জয় রায় আগামী দিনের শিক্ষার্থীদের খাবারের পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
একইসঙ্গে এতিমখানার খাদ্যসংকট মোকাবিলায় ক্লাবের পক্ষ থেকে ‘চাল বিতরণ প্রজেক্ট’ নামে নতুন একটি মানবিক প্রজেক্টের ঘোষণা দেওয়া হয়। এর আওতায় তাৎক্ষণিকভাবে এতিম শিশুদের জন্য ৮ বস্তা চালের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ সুজন, মেহমান আজমান হোসাইন সোহানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফল উৎসব সফল করতে ক্লাব সেক্রেটারি এডভোকেট আলিমুজ্জামান নয়ন, তারেক আজিজ ও পিপি সাহাজ উদ্দিন ঢালীসহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন। প্রজেক্টে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন চার্টার প্রেসিডেন্ট (সিপি) সঞ্জয় রায়, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) রাজন রায় এবং নতুন সদস্য মো. সাইফুল ইসলাম সায়েম।







