ফতুল্লায় যুবলীগ কর্মী লিটু গ্রেপ্তার

20

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী মো. লিটন ওরফে লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাতে ফতুল্লার সেহাচর বুড়ির গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার লিটন ওরফে লিটু কুতুবপুর ইউনিয়নের সেহাচর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলীর নেতৃত্বাধীন একটি দলের হয়ে ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন লিটু। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া এবং ফতুল্লায় নাশকতার উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, গত ৬ আগস্ট আজমির ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলেও লিটু অংশ নেন। তার আগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ব্যানার ও ফেস্টুনও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সেহাচর এলাকা থেকে যুবলীগ কর্মী লিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।