আচরণবিধি লঙ্ঘন: মনির হোসাইন কাসেমীকে নির্বাচন কমিশনের চূড়ান্ত সতর্কতা

ফের নিয়ম ভাঙলে প্রার্থিতা বাতিল

1

নারায়ণগঞ্জ সমাচার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে নারায়ণগঞ্জ-০৪ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে কঠোর ও চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ফতুল্লার ৭ নম্বর ওয়ার্ডে মনির হোসাইন কাসেমীর পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন নারায়ণগঞ্জ জেলা ছাত্র জমিয়ত একটি জনসভা করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়া নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি এলাকায় তার ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার-ফেস্টুন লাগানো হয়। নির্বাচনি তদন্ত কমিটি (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি) এই অভিযোগের সত্যতা পেয়েছে, যা নির্বাচনি আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটায়। তাই কমিশন তাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে যেন তিনি আর কোনো আচরণবিধি লঙ্ঘন না করেন।

চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এরপরও যদি তিনি নিয়ম ভাঙেন, তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তার ওপর বড় অঙ্কের জরিমানা করা হবে। এমনকি চরম শাস্তি হিসেবে তার প্রার্থিতাও বাতিল করা হতে পারে।