গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

কাটল সব শঙ্কা, নতুন পথচলায় বাংলাদেশ

3

সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফেরার অনিশ্চয়তা দূর হতে চলেছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই গণভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ‘হ্যাঁ’ ভোট। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বর্তমান ব্যবস্থার পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের রায় জানিয়েছেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এক সংবাদ সম্মেলনে ভোটের বিস্তারিত ফলাফল তুলে ধরেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ফলাফলগুলো হলো, মোট ভোট পড়েছে: ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জনগণের রায়ের প্রতিফলন এই ফলাফলে ফুটে উঠেছে। দ্রুতই নির্বাচনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গণভোটের ফলাফলের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে সংসদীয় গণতন্ত্রের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে।