সাখাওয়াতের হাত ধরে আধুনিক ও যানজটমুক্ত নারায়ণগঞ্জের প্রত্যাশা

0
সাখাওয়াত হোসেন খান নাসিক
সাখাওয়াত হোসেন খান নাসিক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করছেন রাজপথের অকুতোভয় নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তাকে ঘিরে নারায়ণগঞ্জবাসীর মধ্যে এখন এক নতুন আশার আলো সঞ্চার হয়েছে। নগরবাসীর দাবি, রাজপথের প্রতিটি ঘাত-প্রতিঘাত পার করে আসা এই লড়াকু নেতার পক্ষে সিটি কর্পোরেশনের পুঞ্জীভূত সব নাগরিক সমস্যা সমাধান করা কোনো কঠিন কাজ হবে না।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, সাখাওয়াত হোসেন খানের ওপর নগরবাসীর আস্থার মূল কারণ তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি কোনো ‘ড্রইং রুম’ থেকে আসা নেতা নন, বরং মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে মিশে লড়াই-সংগ্রাম করে উঠে আসা একজন পরিচিত মুখ। তাই মানুষের নাড়ির স্পন্দন তিনি অন্যদের চেয়ে ভালো বোঝেন।

সাখাওয়াতের সামনে প্রধান যে কাজগুলো দেখছেন নগরবাসী, সেগুলো হলো যানজট ও গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আমূল পরিবর্তন ও দুর্নীতিমুক্ত প্রশাসন ও হকার মুক্ত ফুটপাত।

প্রথমত, চাষাড়া মোড়সহ গোটা নারায়ণগঞ্জে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান আর ইজিবাইক-মিশুকের যে জটলা, তা নিরসন করা নগরবাসীর এক নম্বর দাবি। অবৈধ বাস স্ট্যান্ড উচ্ছেদ, ফিটনেসবিহীন গণপরিবহন এবং রিকশা-ইজিবাইকের শৃঙ্খলা ফেরানো সাখাওয়াতের জন্য চ্যালেঞ্জ হলেও নগরবাসী বিশ্বাস করে, তার প্রশাসনিক দৃঢ়তা দিয়ে এটি সম্ভব।

দ্বিতীয়ত, মশার উপদ্রব এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা দূর করে একটি পরিচ্ছন্ন শহর গড়ার দাবি সাধারণ মানুষের। নগরবাসী মনে করেন, নিয়মিত তদারকি থাকলে খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা যাবে।

তৃতীয়ত, সিটি কর্পোরেশনের সেবা দিতে গিয়ে যেন কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেওয়া না হয় এবং ফুটপাতগুলো যেন হকারমুক্ত করে সাধারণ পথচারীদের ফিরিয়ে দেওয়া হয়-এটিই এখন বড় প্রত্যাশা।

বিশ্লেষকরা বলছেন, সাখাওয়াত হোসেন খান যেহেতু তৃণমূল থেকে উঠে আসা নেতা, তাই তার কাছে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। তবে তার এই সফলতার পথে বড় বাধা হতে পারে সেইসব স্বার্থান্বেষী বা সুবিধাবাদী গোষ্ঠী, যারা বিভিন্ন সময় নাগরিক সেবাকে বাধাগ্রস্ত করে নিজেদের ফায়দা লুটেছে।

নগরবাসীর দাবি, সাখাওয়াত হোসেন খান যদি এই বাধা সৃষ্টিকারীদের দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ‘জনসেবা’কে নিজের মূল্যায়নের মাপকাঠি হিসেবে ধরেন, তবে তিনি নাসিকের ইতিহাসে একজন সফল প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। সাখাওয়াতের হাত ধরেই নারায়ণগঞ্জ একটি যানজটমুক্ত, হকার এবং দুর্নীতিমুক্ত আধুনিক নগরীতে পরিণত হবে-এমনটাই এখন সব স্তরের মানুষের প্রত্যাশা।