
নারায়ণগঞ্জ শহরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে গতকাল পায়ে হেঁটে পরিদর্শনে নামেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ প্রেসক্লাব-এর সামনে থেকে শুরু হওয়া এই পরিদর্শন কার্যক্রমে তিনি নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের শুরুতেই প্রশাসক নূর মসজিদের সামনের এলাকা, কলেজ রোড, গলাচিপা ও আশপাশের জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেনেজ ও সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। জলাবদ্ধতা নারায়ণগঞ্জ শহরের একটি দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তিনি দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেন এবং গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন।
পরবর্তীতে প্রশাসক গলাচিপা মোড় থেকে চাষাঢ়া পর্যন্ত সড়কের দুই পাশ ঘুরে দেখেন। এ সময় তিনি রাস্তার অবৈধ দখল, ময়লা-আবর্জনা, ফুটপাত ব্যবস্থাপনা এবং যানজট পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন। শহরের প্রধান সড়কে যানজট ও বিশৃঙ্খলা নগর জীবনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
প্রশাসক সাখাওয়াৎ হোসেন খান বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবন নির্বিঘ্ন করতে হলে জলাবদ্ধতা ও যানজট সমস্যার স্থায়ী সমাধান জরুরি। শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে দৃশ্যমান পরিবর্তন আনতেই এই সরেজমিন পরিদর্শন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। তারা প্রশাসককে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
নগরবাসীর মতে, প্রশাসকের এ ধরনের হেঁটে হেঁটে পরিদর্শন শহরের বাস্তব চিত্র তুলে ধরতে সহায়ক হবে এবং নির্দেশনার বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ শহরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা যায়।







