বিকেএমইএ সভাপতি হাতেমকে ‘ফ্যাসিষ্ট’ বলায় ব্যবসায়ীদের রোষানলে এমপি আল আমিন

23
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ও এমপি আল আমিন বিতর্ক এবং ব্যবসায়ীদের বিক্ষোভ
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে অপমানের প্রতিবাদে ফতুল্লায় ব্যবসায়ীদের বিক্ষোভ।

দেশের নীট ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিষ্টের দোসর’ হিসেবে আখ্যায়িত করায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের তীব্র ক্ষোভ ও রোষানলে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, জামায়াতের ওই ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং এমপি আব্দুল্লাহ আল আমিন উভয়ই আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে মোহাম্মদ হাতেমকে স্টেজে দেখে ক্ষুব্ধ হন এমপি আল আমিন এবং তিনি মঞ্চে বসতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে নিজের বক্তব্যে তিনি হাতেমকে ‘ফ্যাসিষ্টের দোসর’ হিসেবে অভিহিত করে বলেন, “আমি ফ্যাসিষ্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।”

এমপির এমন আক্রমণাত্মক মন্তব্যের পরপরই উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার সমর্থনে শত শত ব্যবসায়ী ও অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা এমপি আল আমিনের এই আচরণের তীব্র নিন্দা জানান।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, “মোহাম্মদ হাতেম কোনো চাটুকার নেতা নন, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটে বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখা ব্যবসায়ীদের প্রধান নেতা। তাকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে অপমান করা মানে পুরো ব্যবসায়ী সমাজকে অপমান করা। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না।”

নারায়ণগঞ্জের বিসিক এলাকার একাধিক শিল্পমালিক জানান, “মূলত হাতেম ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্ব এবং ব্যবসায়ীবান্ধব ভূমিকার কারণেই আমরা প্রতিকূল পরিবেশেও নারায়ণগঞ্জে ব্যবসা টিকিয়ে রেখেছি। আজ তিনি না থাকলে আমরা অনেক আগেই আমাদের শিল্পপ্রতিষ্ঠান গাজীপুর বা অন্য জেলায় স্থানান্তর করে ফেলতাম। আমাদের অভিভাবককে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করার সাহস এমপি কোথা থেকে পান?”

ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বলা হয়, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ কাম্য নয়। এই ঘটনায় নারায়ণগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফতুল্লা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ হাতেম দীর্ঘদিন ধরে দেশের পোশাক খাতের উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছেন এবং ব্যবসায়ীদের অধিকার আদায়ে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত। তার মতো একজন শীর্ষ ব্যবসায়ী নেতাকে প্রকাশ্য অনুষ্ঠানে এমন মন্তব্য করায় নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্যের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।