পদবঞ্চিতদের হতাশা, পূর্ণাঙ্গ কমিটির দাবি

নারায়ণগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনে চরম অস্থিরতা

8
নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ।
নারায়ণগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে তৃণমূলের ক্ষোভ।

নারায়ণগঞ্জে বিএনপি এবং এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে দলের কর্মসূচিতে সক্রিয় থাকা সত্ত্বেও অনেক নেতাকর্মীই পদবঞ্চিত হচ্ছেন। এর পাশাপাশি দল ও সহযোগী সংগঠনগুলো অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ে জর্জরিত।

জেলা যুবদলের কমিটি তিন নেতার কাঁধে ভর করে দুই বছরের বেশি সময় ধরে চলছে, পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। পদপ্রত্যাশীরা বলছেন, আন্দোলনের সময় ভূমিকা রাখলেও এখন তাদের দলীয় পরিচয় দেওয়া হচ্ছে না।

ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর কমিটির বিরুদ্ধে নানা অপতৎপরতার অভিযোগও উঠেছে। তৃণমূল নেতাকর্মীরা দ্রুত নতুন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলেও একই চিত্র। আহ্বায়ক কমিটির নিষ্ক্রিয়তা এবং দখলবাজির অভিযোগ উঠেছে। পদবঞ্চিত নেতাকর্মীরা দ্রুত কমিটি ভেঙে নতুন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে কমিটি বর্ধিত করা হলেও মাত্র ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি ভেঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি পদবঞ্চিত নেতাকর্মীদের। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। কমিটি পূণাঙ্গ করতে ব্যর্থ হলেও কিছু ইউনিট কমিটি গঠিত হয়েছে। শীঘ্রই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি নেতাকর্মীদের।

সব মিলিয়ে, পদ-পদবী না পেয়ে রাজনীতি থেকে বিমুখ হওয়ার আশঙ্কা করছেন অনেক নেতাকর্মী। তারা দ্রুত নতুন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে যোগ্যদের মূল্যায়ন করার দাবি জানিয়েছেন।