উন্নয়ন কাজে চাঁদা বা বাধা দিলে সোজা জেল: নারায়ণগঞ্জ সিটি প্রশাসক

2
নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
আলামিন নগর ল্যান্ডফিল সাইটের বিউটিফিকেশন কাজের উদ্বোধনকালে কঠোর বার্তা দেন নাসিক প্রশাসক।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলামিন নগর ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) সাইটের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় এই কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এই প্রজেক্টের কাজে কেউ কোনো ধরনের বাধা দিলে বা চাঁদা দাবি করলে তাকে সোজা কারাগারে পাঠানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সাখাওয়াত হোসেন খান চাঁদাবাজদের বিরুদ্ধে এই কড়া বার্তা দেন। তিনি বলেন, “এখানে যারা কাজ করবেন, তাদের কাছে যদি কেউ চাঁদা চায় বা কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা চাঁদা চাইবে, তাদের সরাসরি জেল খাটতে হবে।”

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “জাপান সরকারের সংস্থা জাইকার সহায়তায় ও তত্ত্বাবধানে এই উন্নয়ন কাজটি হচ্ছে। কাজে সামান্যতম বাধা দিলেও বিদেশিরা এখান থেকে চলে যাবে। আর তারা চলে গেলে এই জায়গা সারাজীবন ময়লার ভাগাড় হয়েই পড়ে থাকবে। তাই এলাকাবাসীকে এদিকে খেয়াল রাখতে হবে।”

প্রজেক্টের বিষয়ে তিনি জানান, ময়লার কারণে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের অনেক কষ্ট ও স্বাস্থ্যঝুঁকি ছিল। এই সমস্যা দূর করতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে এখান থেকে ময়লা সরিয়ে পুরো এলাকার সৌন্দর্যবর্ধন (বিউটিফিকেশন) করা হবে। এখানে একটি সুন্দর পার্ক, খেলার মাঠ, বসার জায়গা এবং হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। কাজটি শেষ হলে মানুষ এই এলাকায় ঘুরতে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রজেক্টটি নির্দিষ্ট ১৮ মাসের মধ্যে সফলভাবে শেষ করতে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। কাজের প্রয়োজনে এলাকায় অনেক ট্রাক ও গাড়ি আসবে জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জাইকা’র প্রতিনিধি, সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল চৌধুরী প্রমুখ।