শিক্ষাঙ্গনে অযোগ্যদের কর্তৃত্ব ও রাজনৈতিক হস্তক্ষেপ মানবে না এনসিপি

কমিটি নিয়ে ক্ষোভ

0
এনসিপি এর শিক্ষা ও গবেষণা সেলের প্রতিবাদী সংবাদ বিজ্ঞপ্তি।
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে এনসিপি।

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কমানোর যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে শিক্ষাঙ্গনে ‘অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১১ মার্চ) সংগঠনটির শিক্ষা ও গবেষণা সেলের পক্ষে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এক বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির শীর্ষ পদে বসার জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার বিষয়ে আলোচনা হয়। এনসিপি মনে করে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো শিক্ষকদের ওপর অযোগ্য ও রাজনৈতিক ব্যক্তিদের খবরদারি চাপিয়ে দেওয়া।

দলটির মতে, অতীতে এমন অযোগ্য ব্যক্তিদের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি চরম আকার ধারণ করেছিল এবং সম্মানজনক পেশায় থাকা শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে নাজেহাল হতে হয়েছিল। বর্তমান সরকারের কাছে ইতিবাচক সংস্কারের আশা থাকলেও এই ধরনের পেছনের দিকে হাঁটা সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। তাই শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে এনসিপি।