
দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে শেকড়ের টানে নিজ গ্রামে ফিরে আসা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন সম্ভুপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের মোঃ আহ্সান উল্লাহ-এর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। এবারের অমর একুশে বইমেলায় স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘মুক্ত প্রকাশ’ থেকে বইটি এসেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, দেশি ও বিদেশি সব ধরনের পাঠকের কথা মাথায় রেখে বইটি একই সাথে বাংলা (’আঁচল’) এবং ইংরেজি (’ACHAL’)-এই দুই ভাষাতেই প্রকাশ করা হয়েছে।
শৈশব থেকেই লেখালেখির সাথে যুক্ত মোঃ আহ্সান উল্লাহ। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর অসংখ্য গল্প ও কবিতা প্রকাশিত হলেও এটি তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। বইটিতে মোট ৪৫টি গল্প স্থান পেয়েছে। প্রতিটি গল্পই সামাজিক প্রেক্ষাপটে লেখা। লেখক তাঁর সুনিপুণ মুন্সিয়ানা, সহজ-সরল ও সাবলীল ভাষায় সমাজের নানা বাস্তবচিত্র এই বইয়ের গল্পগুলোতে তুলে ধরেছেন।
১৯৬৮ সালে জন্মগ্রহণ করা এই লেখক দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে নিজ গ্রাম সোনারগাঁয়ের গোবিন্দপুরেই (সাবদি বাজার, শম্ভুপুরা) বসবাস করছেন। আত্মশুদ্ধি এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ভালো থাকার তাগিদ থেকেই তাঁর এই সাহিত্যচর্চা।
বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন শিল্পী মঈনুল আলম মুক্ত। ২৫০ টাকা মুদ্রিত মূল্যের এই বইটি অমর একুশে বইমেলায় ‘মুক্ত প্রকাশ’-এর ৬৭৭-৬৭৯ নম্বর স্টল/প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। সর্বস্তরের পাঠকের কাছে বাস্তবধর্মী এই গল্পগ্রন্থটি ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আশা করা যাচ্ছে।







