
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিষয় ক্রমেই আলোচনায় আসছে নতুন নেতৃত্বের রাজনৈতিক আচরণ ও দলের মাঠপর্যায়ের রাজনীতির মধ্যে দৃশ্যমান ব্যবধান। দীর্ঘ সময় পশ্চিমা বিশ্বে বসবাসের অভিজ্ঞতা থেকে রাজনীতিতে শিষ্টাচার, সহনশীলতা ও আধুনিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলেরই কিছু নেতাকর্মীর আচরণ।
জানা যায়, প্রায় সতেরো বছর পশ্চিমে বসবাসের সময় রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সহনশীলতা এবং ভিন্নমতকে সম্মান করার যে চর্চা তিনি দেখেছেন, তা দেশের রাজনীতিতেও প্রয়োগ করতে আগ্রহী তিনি। তার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ক্ষমতায় এসেও তিনি তুলনামূলক সংযত ও কূটনৈতিক রাজনৈতিক ভাষা ব্যবহার করার চেষ্টা করছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গেও একটি নূন্যতম শালীনতা বজায় রাখতে চান।
কিন্তু বাস্তবতা হলো, মাঠপর্যায়ে সেই সংস্কৃতি সব জায়গায় প্রতিফলিত হচ্ছে না। বিশেষ করে স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীর আচরণ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, ক্ষমতার প্রভাব দেখিয়ে কেউ কেউ উচ্ছৃঙ্খল আচরণ করছেন, আবার কোথাও কোথাও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি অযাচিত আক্রমণাত্মক মনোভাবও দেখা যাচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আচরণ শুধু দলীয় ভাবমূর্তির জন্যই নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্যও অস্বস্তিকর বার্তা দেয়। অনেকেই বলছেন, যদি ক্ষমতার ব্যবহার দায়িত্বশীল না হয়, তবে তা অতীতের বিতর্কিত রাজনৈতিক আচরণের স্মৃতিকে আবার সামনে নিয়ে আসে। এ প্রসঙ্গে সমালোচকেরা সাবেক উচ্ছৃংখল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার ক্ষমতার রাজনীতির সঙ্গে তুলনাও টানছেন।
তবে বিশ্লেষকদের মতে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দলীয় নেতৃত্ব কতটা দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই আচরণ নিয়ন্ত্রণে আনতে পারে। কারণ একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, তা বাস্তবে সফল হয় মূলত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আচরণের মাধ্যমেই।
সচেতন মহলের মতে, যদি দলের নেতাকর্মীরা নেতৃত্বের বার্তা বুঝে সংযত ও দায়িত্বশীল রাজনীতি চর্চা করেন, তাহলে দেশের রাজনৈতিক পরিবেশে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আর যদি উচ্ছৃঙ্খলতা ও ক্ষমতার দম্ভ অব্যাহত থাকে, তবে তা সরকারের ভাবমূর্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এখন মূল প্রশ্ন একটাই শিষ্টাচার ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার যে বার্তা প্রধানমন্ত্রী দিচ্ছেন, তা দলের প্রতিটি স্তরে কত দ্রুত পৌঁছায় এবং বাস্তবে কতটা প্রতিফলিত হয়। সেটিই ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে।







