ফতুল্লায় অকাল বন্যা: হাঁটু পানিতে বন্দি কয়েক লাখ মানুষ

0
ফতুল্লায় অকাল বন্যা: হাঁটু পানিতে বন্দি কয়েক লাখ মানুষ
ফতুল্লায় অকাল বন্যা: হাঁটু পানিতে বন্দি কয়েক লাখ মানুষ

বর্ষা আসতে এখনো ঢের বাকি, অথচ দুদিনের কয়েক ঘন্টার বৃষ্টিতেই ফতুল্লার ইসদাইর ও গাবতলী এলাকার দৃশ্য দেখে মনে হচ্ছে এটি কোনো নদী বা হাওড় অঞ্চল। সরেজমিনে দেখা যায়, পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সকাল থেকেই তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সব রাস্তাঘাট, পানি ঢুকে পড়েছে মানুষের শয়নকক্ষেও।

জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ইসদাইর-গাবতলী সড়কের প্রতিটি মোড়ে এখন থৈ থৈ পানি। ড্রেন উপচে আসা পচা পানির দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার সমাধান না হওয়ায় প্রতিবছরই তাদের এই দুর্ভোগ পোহাতে হয়, বৃষ্টির মাত্রা বাড়তে থাকলে এই জলাবদ্ধতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার উপক্রম হতে পারে বলে দাবি স্থানীয়দের।

“প্রতিবছর বর্ষা এলেই বড় বড় কথা শুনি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না”-আজ গাবতলী এলাকায় কোমর সমান পানি ডিঙিয়ে যাওয়ার সময় এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন এক স্থানীয় বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, আজ দিনভর চরম ভোগান্তি পোহালেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের। তারা অবিলম্বে সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানের সরাসরি হস্তক্ষেপ এবং পাম্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন।

আজকের এই জলাবদ্ধতা কেবল ফতুল্লার যাতায়াত ব্যবস্থাকেই স্থবির করেনি, বরং ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখতে বাধ্য করেছে। বৃষ্টির এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনে ফতুল্লা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ও অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।