
দীর্ঘ এক মাসের অচলাবস্থা, আইনি জটিলতা ও সব বিতর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পিংকি আক্তার। এর মধ্য দিয়ে বক্তাবলী ইউনিয়নে একটি নতুন ও সেবামুখী অধ্যায়ের সূচনা হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের কাছ থেকে তিনি এই দায়িত্বভার বুঝে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব গ্রহণের এই আনুষ্ঠানিকতায় পিংকি আক্তারের সাথে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড মেম্বার মো. আকিল উদ্দিন, ৬নং ওয়ার্ডের মো. রাসেল মেম্বার, ৮নং সেকান্দার আলী রানা মেম্বার, ৯নং আমজাদ মেম্বার এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসনা বানুসহ পরিষদের অন্যান্য মেম্বারবৃন্দ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের সময় অন্যান্য মেম্বারদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, পিংকি আক্তার পরিষদের সংখ্যাগরিষ্ঠ মেম্বারদের নিরঙ্কুশ সমর্থন নিয়েই দায়িত্ব গ্রহণ করেছেন এবং মেম্বাররা ঐক্যবদ্ধভাবে তার পাশে রয়েছেন।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর উচ্ছ্বসিত পিংকি আক্তার প্রশাসন ও সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করব। আমার সাথে আমার সহকর্মী মেম্বাররা যেভাবে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই আনন্দিত।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ জরুরি নাগরিক সেবাগুলো বন্ধ ছিল। এখন আমাদের প্রথম কাজই হলো দ্রুত সেই সেবাগুলো সচল করে মানুষের ভোগান্তি কমানো। একটি মডেল ইউনিয়ন গড়তে আমি সংসদ সদস্য, প্রশাসন, সাংবাদিক সমাজ এবং বক্তাবলীর সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা চাই।”







