
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী ইউপি সদস্য পিংকি আক্তার। তবে এই পদে ২নং প্যানেল চেয়ারম্যান আলমগীর মেম্বারের নাম ব্যাপকভাবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি বঞ্চিত হয়েছেন। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিতর্কিত রশিদ মেম্বারের বিরুদ্ধে অবস্থান নিতে সাহস না পাওয়া এবং সংখ্যাগরিষ্ঠ মেম্বারদের সমর্থন হারাতেই আলমগীরের কপাল পুড়েছে।
জানা যায়, আলমগীর মেম্বার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান। নিয়ম ও পদমর্যাদা অনুযায়ী রশিদের অপসারণের পর তার নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল। কিন্তু বিপত্তি ঘটে তার নিজস্ব অবস্থান ও সাহসিকতার অভাবে।
একাধিক ইউপি সদস্য জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যাসহ ১১ মামলার আসামি আব্দুর রশিদের কারণে যখন পুরো ইউনিয়নের নাগরিক সেবা বন্ধ এবং সাধারণ মানুষ চরম অতিষ্ঠ, তখন রশিদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার সাহস পাননি আলমগীর মেম্বার। এর আগে পরিষদের অন্যান্য সদস্যরা আলমগীরকে তাদের সাথে যুক্ত হয়ে জনস্বার্থে কাজ করার এবং রশিদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আলমগীর রশিদের বলয় বা প্রভাবের বাইরে যেতে পারেননি। জনগণের স্বার্থের চেয়ে বিতর্কিত ব্যক্তির ছায়ায় থাকাকেই তিনি নিরাপদ মনে করেছেন। আর এ কারণেই তিনি সহকর্মী ও এলাকাবাসীর আস্থা হারান।
বিপরীতে, চরম সাহসিকতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে মেম্বারদের নিরঙ্কুশ সমর্থন আদায় করে নেন সংরক্ষিত নারী ইউপি সদস্য পিংকি আক্তার। জানা গেছে, পরিষদের মোট ১২ জন মেম্বারের মধ্যে ৮-৯ জন মেম্বারই ঐক্যবদ্ধ হয়ে পিংকি আক্তারকে সমর্থন জানান। তারা পিংকিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সুপারিশ করে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত চিঠি দেন।
এলাকাবাসীও এমন একজন জনপ্রতিনিধিকে চাইছিলেন, যিনি রশিদের মতো বিতর্কিত নন এবং সাহসের সাথে ইউনিয়নবাসীর পক্ষে দাঁড়াতে পারবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আলমগীর মেম্বার যদি রশিদের পক্ষ ত্যাগ করে জনস্বার্থে অন্যান্য মেম্বারদের সাথে যোগ দিতেন, তবে হয়তো তিনিই আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতেন। কিন্তু তার নীরবতা এবং রশিদের প্রতি পরোক্ষ সমর্থন তাকে এই পদ থেকে ছিটকে ফেলেছে।
শেষ পর্যন্ত মেম্বারদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন, এলাকাবাসীর আকাঙ্ক্ষা এবং রশিদের প্রভাবমুক্ত পরিচ্ছন্ন ইমেজের কারণেই প্রশাসন পিংকি আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে।







