
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির এক অজ্ঞাত পিকআপ ট্রাকের ধাক্কায় মো. আলিফুল ইসলাম নাঈম (৩৭) নামের এক বাইং হাউজ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর ফায়ার সার্ভিসের গেটের সামনের পাকা রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফুল ইসলাম নাঈম ঝালকাঠি সদর থানার কানাইপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কালিন্দি এলাকায় মাসুদ হাজীর বাড়িতে ভাড়া থাকতেন এবং ফতুল্লা মডেল থানাধীন শাসনগাঁও বিসিক এলাকায় একটি বাইং হাউজে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নাঈম কেরানীগঞ্জের বাসা থেকে একটি ভাড়া করা মোটরসাইকেল যোগে ফতুল্লায় তাঁর কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের সময় তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে নারায়ণগঞ্জ-ঢাকা অভিমুখী পাকা রাস্তায় পৌঁছালে পিছন থেকে আসা একটি অজ্ঞাত রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ ট্রাক সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পিকআপের ধাক্কায় নাঈম মোটরসাইকেলসহ ছিটকে পাকা রাস্তায় পড়ে যান এবং তাঁর মাথায় ও শরীরে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পরিবার তাঁর মৃত্যুতে কোনো সন্দেহ প্রকাশ না করায় এবং ভবিষ্যতে কোনো মামলা-মোকদ্দমা না করার শর্তে বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের আবেদন জানায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিহতের স্ত্রী আমনা আমিনের নিকট লাশ হস্তান্তর করা হয়।







