শ্রমিকদল-শ্রমিকলীগ সেজে চাঁদাবাজি-লুটপাট করতে দেওয়া হবে না: আতিকুর রহমান

10
শ্রমিকদল-শ্রমিকলীগ সেজে চাঁদাবাজি করতে দেওয়া হবে না
শ্রমিকদল-শ্রমিকলীগ সেজে চাঁদাবাজি করতে দেওয়া হবে না

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “২৪-এর গণআন্দোলনে ১২০ জন শ্রমিক জীবন দিলেও দেশে এখনও সবচেয়ে বড় বৈষম্যের শিকার শ্রমিকরা। ক্ষমতার পটপরিবর্তনের পর কেউ যদি এখন শ্রমিকদল বা শ্রমিকলীগ সেজে শিল্পাঞ্চলে চাঁদাবাজি, লুটপাট আর দখলবাজি করতে চায়, তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। কোনো শিল্প প্রতিষ্ঠানে নেতা হয়ে শ্রমিক শোষণের সুযোগ আমরা দিবো না।”

গতকাল শনিবার (১৬ মে) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার একটি মিলনায়তনে জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘থানা দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান দেশের সাড়ে ৭ কোটি শ্রমিকের দূরবস্থার কথা তুলে ধরে বলেন, “সবাই শ্রমিকের কল্যাণের কথা বলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কোনো সমস্যার সমাধান হয়নি। ৮ ঘণ্টা কর্মঘণ্টার কথা মুখে বলা হলেও দেশের কোথাও তা পুরোপুরি চালু নেই; অনেক জায়গায় শ্রমিকদের ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়।”

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “বর্তমান সরকার মুখে বললেও প্রকৃত অর্থে সংস্কার বিরোধী। এর প্রমাণ হলো তারা শ্রম আইনের কোনো সংস্কার মানেনি। আমরা বিগত দেড় বছর বহু বৈঠক করে শ্রম আইনের দুটি জায়গায় সংস্কার এনেছিলাম। কিন্তু তারা পার্লামেন্টে আলোচনা না করেই আগের জায়গায় নিয়ে গেছে।”

সরকারের উদ্দেশ্যে এই শ্রমিক নেতা বলেন, “আমরা শ্রমিকরা কোনো কার্ডের ভিক্ষা চাই না; আমরা ন্যায্য অধিকার ও ইনসাফ চাই। আমাদের কাজ দিন, সঠিক মজুরি দিন এবং দেশের একজন নাগরিক হিসেবে সামাজিক মর্যাদা দিন।”

অ্যাডভোকেট আতিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচলিত ধারার কোনো ধ্বংসাত্মক শ্রমিক আন্দোলন নয়। তিনি বলেন, “আমরা শ্রমিক ও মালিকের সুসম্পর্ক চাই। ইন্ডাস্ট্রি টিকলে শ্রমিকের চাকরি থাকবে, মালিক টিকলে শ্রমিকরা বেতন পাবে। তাই আমরা শ্রমিকের স্বার্থ দেখার পাশাপাশি মালিকদের স্বার্থও দেখবো।”

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জের শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বিপ্লবের সুফল ঘরে তোলার জন্য শ্রমিকদের আগামী দিনেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে সব সেক্টরে ট্রেড ইউনিয়ন বৃদ্ধি করে ঘরে ঘরে শ্রমিক কল্যাণের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় বাজেট ঘোষণার আগেই ফেডারেশনের পক্ষ থেকে একটি বিকল্প বাজেট প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রোগামের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আব্দুশ শাকুর।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল, মহানগর সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না, জেলা সেক্রেটারি মো: রেদোয়ানুল আজিম, মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।