সাংবাদিক রফিকুল ইসলাম জীবন নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখের অকৃত্রিম বন্ধু: বিএনপি নেতৃবৃন্দ

17
সাংবাদিক রফিকুল ইসলাম জীবন নারায়ণগঞ্জবাসীর অকৃত্রিম বন্ধু
সাংবাদিক রফিকুল ইসলাম জীবন নারায়ণগঞ্জবাসীর অকৃত্রিম বন্ধু

নারায়ণগঞ্জের ফতুল্লার ডিএনডি বাঁধ এলাকার মানুষের দীর্ঘদিনের কৃত্রিম জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কলম ধরা এবং নাগরিক অধিকার আদায়ে গাবতলী সোসাইটির সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের আপসহীন ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক জীবন শুধু একজন সংবাদকর্মীই নন, তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখের এক অকৃত্রিম বন্ধু।”

বৃহস্পতিবার (২১ মে) উত্তর মাসদাইর গাবতলী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে দেওয়া বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জেলা ও থানা বিএনপির শীর্ষ নেতারা রফিকুল ইসলাম জীবনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাবতলী-ইসদাইর অঞ্চলসহ ফতুল্লা তথা গোটা নারায়ণগঞ্জের গণমানুষের অধিকার আদায় এবং যেকোনো অন্যায় ও নাগরিক দুর্ভোগের বিরুদ্ধে সাংবাদিক ও সমাজকর্মী রফিকুল ইসলাম জীবনের আপসহীন কলম ও বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সাংবাদিক জীবন ভাই শুধু সমাজের দর্পণই নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক যোদ্ধা। ফতুল্লা তথা নারায়ণগঞ্জবাসীর যেকোনো সংকটে তিনি যেভাবে কলম ধরেন, তা সত্যিই বিরল।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, “জীবন ভাইয়ের লেখনীর মাধ্যমে ডিএনডির জলাবদ্ধতাসহ মাদক-সন্ত্রাসের বিষয়ে আমরা অনেক কিছুই জানতে পারি। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাঁর ক্ষুরধার কলম সবসময় সচল রেখেছেন। তিনি সবসময় শোষিত ও অন্যায়ের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিটি এলাকায় জীবন ভাইয়ের মতো লোক প্রয়োজন, যারা নিঃস্বার্থভাবে সমাজের চিন্তা করে কাজ করেন।”

অনুরূপ সুর মিলিয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, “একটি আদর্শ সমাজ বিনির্মাণে রফিকুল ইসলাম জীবনের মতো সৎ ও নির্ভীক কলম সৈনিকের প্রয়োজন। তিনি নিজের এলাকার জলাবদ্ধতা ও মাদকের মতো ব্যাধি নিয়ে প্রশাসনের নজর কাড়তে যেভাবে দিনরাত পরিশ্রম ও সাংবাদিকতা করে যাচ্ছেন, তা সত্যি অনুকরণীয়।”

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী অতীতের স্মৃতিচারণ করে বলেন, “বিগত ১৭ বছরই শুধু নয়, ১৯৯৬ সালেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিভিন্ন মামলা-হামলা, জেল-জুলুম-হুলিয়া নিয়ে আমরা যখন পালিয়ে বেড়াই এবং অসহনীয় যন্ত্রণা ভোগ করি—তখনও সাংবাদিক জীবন আমাদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী কলম ধরেছেন। এখানে উপস্থিত প্রায় সকল বিএনপি নেতাই একবাক্যে স্বীকার করবেন যে, আমরা যখনই অন্যায় ও গুমের শিকার হয়েছি, তখন একজন কলম সৈনিক হিসেবে তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সেই নির্মম চিত্রগুলো তিনি সাহসের সাথে তুলে ধরেছেন।”

একইভাবে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “জীবন আঙ্কেল (রফিকুল ইসলাম জীবন) সবসময় জলাবদ্ধতাসহ মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। বারবার তাঁর লেখনীর মাধ্যমে প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে এদিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন এবং রাজপথের দাবিগুলো আলোচনার টেবিলে নিয়ে এসেছেন।”

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, গাবতলী সোসাইটির সভাপতি রফিকুল ইসলাম জীবন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে আছেন। জেলা ও থানা বিএনপির শীর্ষ সারির এত নেতা একসাথে তাঁর কাজের আনুষ্ঠানিক প্রশংসা ও মূল্যায়ন করায় অনুষ্ঠানস্থলে এক আবেগঘন, উৎসবমুখর ও গৌরবময় পরিবেশের সৃষ্টি হয়।