
সাবমারসিবল পাম্পের উপর প্রস্তাবিত ফি বা ট্যাক্স পুরোপুরি বাতিল করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সাম্প্রতিক সময়ে নগর রাজনীতিতে যখন উত্তাপ বাড়ছিল এবং কারাগারে থাকা আওয়ামী লীগ নেত্রী আইভীর পক্ষে মাঠ গরমের নানা আলোচনা চলছিল, ঠিক তখনই প্রশাসকের এই সিদ্ধান্তকে অনেকে ‘রাজনৈতিক মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, সাবমারসিবল পাম্পের উপর অতিরিক্ত ফি আরোপের বিষয়টি সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো বিষয়টিকে বাড়তি আর্থিক চাপ হিসেবে দেখছিলেন। এ অবস্থায় নাগরিক ক্ষোভের জায়গাটি দ্রুত অনুধাবন করে প্রশাসনের পক্ষ থেকে ট্যাক্স বাতিলের ঘোষণা আসায় পরিস্থিতির মোড় ঘুরে যায়।
এদিকে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক সপ্তাহ ধরে দুই মাহবুবুর রহমান গংয়ের তৎপরতা নিয়ে ব্যাপক আলোচনা ছিল। কারাবন্দী আওয়ামী লীগ নেত্রী আইভীর পক্ষে মাঠ গরম করতে গিয়ে তারা প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক বার্তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন। অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো আগামী নির্বাচনী আবহ তৈরির অংশ। তবে বাস্তবে দেখা গেল, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত সেই রাজনৈতিক কৌশলকেই উল্টো বুমেরাং বানিয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোস্তফা করিম তার এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “সাবমারসিবল পাম্পের উপর প্রস্তাবিত ফি বা ট্যাক্স পুরোপুরি বাতিল করে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যেন এক অপ্রত্যাশিত রাজনৈতিক বার্তাই দিলেন। জনগণের ক্ষোভের জায়গাটি দ্রুত বুঝে এই ঘোষণা সেই রাজনৈতিক অস্ত্রকেই উল্টো বুমেরাং বানিয়ে দিল।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু একটি ফি বাতিলের প্রশাসনিক ঘোষণা নয়; বরং এটি নগর রাজনীতির ভবিষ্যৎ সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে জনমত, নাগরিক সুবিধা এবং সেবামূলক ইস্যুগুলো ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেয়ে জনগণের প্রত্যাশা পূরণই এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, নাগরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেয়া এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে প্রশাসক সাখাওয়াত হোসেন খান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন-নারায়ণগঞ্জের রাজনীতিতে শেষ কথা বলবে জনমতই।
এদিকে নগর রাজনীতিতে এই ইস্যুকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, সাবমারসিবল ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত হয়তো সাময়িক একটি প্রশাসনিক পদক্ষেপ, কিন্তু এর রাজনৈতিক অভিঘাত দীর্ঘমেয়াদেও দৃশ্যমান হতে পারে।







