আটা-ময়দা মিল মালিক সমিতির নির্বাচন ১৫ জুলাই

45
আটা-ময়দা মিল মালিক সমিতির নির্বাচন ১৫ জুলাই
আটা-ময়দা মিল মালিক সমিতির নির্বাচন ১৫ জুলাই

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে নগরীর নিতাইগঞ্জ এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয় আব্বাস টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, ফ্লাওয়ার মিল মালিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সাধারণ সভায় আগামী ১৫ জুলাই সমিতির নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় ৩৮ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সমিতির আওতাভুক্ত ৬৬টি মিলের প্রতিনিধিদের মধ্য থেকে ৩৮ জন সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে প্রতিনিধি নির্বাচিত হবেন।

বক্তারা বলেন, ১৯৭১ সাল থেকে নারায়ণগঞ্জের শিল্প ও বাণিজ্যকেন্দ্র নিতাইগঞ্জে আটা-ময়দা ব্যবসার উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি। দীর্ঘদিনের এই পথচলায় সংগঠনটি ব্যবসায়ীদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জের আটা-ময়দা মিলগুলো দেশের খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বৃহৎ আটা-ময়দা চাহিদা পূরণে এখানকার মিলগুলোর অবদান উল্লেখযোগ্য। ফলে এই খাতের নেতৃত্ব নির্বাচন শুধু সংগঠনের জন্যই নয়, বরং বৃহত্তর ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট শিল্পখাতের জন্যও গুরুত্বপূর্ণ।

উপস্থিত সদস্যরা বিদায়ী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টুর নেতৃত্বে বিগত সময়ের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং সদস্যদের স্বার্থ রক্ষায় বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিভিন্ন ফ্লাওয়ার মিল মালিক ও সদস্যরা তাদের বক্তব্যে ব্যবসার বর্তমান পরিস্থিতি, কাঁচামালের মূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা এবং শিল্পখাতের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

বক্তারা বলেন, আটা-ময়দা শিল্প দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই শিল্পের টেকসই উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধ নেতৃত্বের বিকল্প নেই। আগামী নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে দেশ, জাতি এবং ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্য ও অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।