
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত ‘জামিয়া আশরাফিয়া মাদ্রাসা’র সাইদ ইসলাম অপুর্ব (১১) নামের এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে ওই ছাত্রের কোনো সন্ধান না পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ অপুর্ব শান্তিধারা ২ নম্বর রোডের (ইতালি বাড়ি) বাসিন্দা ফিরোজ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে অপুর্বদের বাড়ির দূরত্ব মাত্র ১০০ মিটারেরও কম। সে বাসা ও মাদ্রাসার বাইরে সাধারণত অন্য কোথাও যেত না এবং প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরত। কিন্তু গতকাল সন্ধ্যা পার হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজের পর থেকে শিশুটির স্বজনদের মনে নানা আশঙ্কা ও প্রশ্নের উদ্রেক হয়। স্বজনদের বরাতে স্থানীয়রা জানান, মাদ্রাসায় শৃঙ্খলা বজায় রাখতে মাঝে মাঝে বাচ্চাদের শাসন করা হতো এবং নিখোঁজের দিনও অপুর্বকে কিছুটা শাসন বা মারধর করা হয়েছিল, যা তার মা দেখেছিলেন। ফলে সন্ধ্যার পর থেকে অপুর্বকে না পেয়ে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, অতিরিক্ত শাসনের কারণে হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অঘটন ঘটে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী স্থানীয়রা জানিয়েছেন, ইতিমধ্যেই ফতুল্লা মডেল থানা পুলিশ এবং নিখোঁজ ছাত্রের স্বজনরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলতে এবং অনুসন্ধানের জন্য মাদ্রাসার ভেতরে প্রবেশ করেছেন।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, “শিশুটির বাবা-মা থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি বা অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখতে সাব-ইন্সপেক্টর (এসআই) মোয়াজ্জেমের নেতৃত্বে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







