ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার নিখোঁজ ছাত্র অপূর্ব ৭ ঘণ্টা পর উদ্ধার

রাস্তা থেকে উদ্ধারের পর শিশুটি এখনো আতঙ্কিত; রাখা হয়েছে বিশ্রামে

16
উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র সাইদ ইসলাম অপূর্ব ফতুল্লা
উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র সাইদ ইসলাম অপূর্ব ফতুল্লা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত ‘জামিয়া আশরাফিয়া মাদ্রাসা’র সাইদ ইসলাম অপূর্ব (১১) নামের এক ছাত্র নিখোঁজ হওয়ার ৭ ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তাকে রাস্তার পাশে খুঁজে পায়।

নিখোঁজ অপূর্ব শান্তিধারা ২ নম্বর রোডের (ইতালি বাড়ি) বাসিন্দা ফিরোজ আলমের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে অপূর্বর বাড়ির দূরত্ব মাত্র ১০০ মিটারেরও কম। ওই মাদ্রাসায় প্রতিদিন বেলা ১২টায় এবং বিকেল ৪টায় এক ঘণ্টা করে ছুটি দেওয়া হতো এবং এই ছুটির সময়ে অপূর্ব নিয়মিত বাসায় যাতায়াত করত। তবে আজ দুপুর ১২টার ছুটির পর সে যথাসময়ে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না।

এদিকে দুপুরের পর থেকে দীর্ঘ ৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ সন্ধ্যা ৭টার দিকে তাকে এলাকার একটি রাস্তায় খুঁজে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধারের সময় শিশুটি প্রচণ্ড ভীত ও আতঙ্কিত অবস্থায় ছিল। সে মানসিকভাবে ভেঙে পড়ায় এবং অতিরিক্ত ভয়ের কারণে বর্তমানে তাকে স্বজনদের তত্ত্বাবধানে বিশ্রামে রাখা হয়েছে। সে কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে তার নিখোঁজ হওয়ার মূল কারণ ও প্রকৃত ঘটনা জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে শিশুটির নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রকৃত ঘটনা উদঘাটনে ফতুল্লা মডেল থানা পুলিশ এবং স্বজনরা মাদ্রাসার ভেতরে প্রবেশ করে কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, “দুপুরে শিশুটির পরিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করার পর পরই সাব-ইন্সপেক্টর (এসআই) মোয়াজ্জেমের নেতৃত্বে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সন্ধ্যায় শিশুটিকে ফিরে পাওয়ার তথ্য আমরা পেয়েছি। সে পুরোপুরি স্বাভাবিক হলে তার সাথে কথা বলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।”