বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট

9
বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট
বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট

লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা জোরদারে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা এবং এসব নৌপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করাই জোটটির প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের পক্ষ থেকে এ জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি ও আশপাশের সমুদ্রপথে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর জোট গঠনের বিষয়টি সামনে আসে। হুথিদের দাবি, তারা লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজ ও দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাব আল-মান্দাব প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি হওয়ার পর সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জোটভুক্ত ১৪টি দেশের পক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানায়, জোটের সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।

বিবৃতিতে জোটের উদ্দেশ্য হিসেবে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত, আন্তর্জাতিক বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষা এবং বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে সদস্য দেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষার কথা উল্লেখ করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জোট গঠন নিয়ে বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল অংশ নেয়।

এতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে সমর্থন জানিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি দেশ জোটে সমর্থন দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।