আলিফের চোখ হারানোর প্রতিবাদে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন

10
আলিফের চোখ হারানোর প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদ জানাতেই তিনি এ প্রতীকী কর্মসূচিতে অংশ নেন।

সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়। উপস্থিতদের মতে, বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য পর্দার আড়ালে যান। প্রায় এক মিনিট পর মঞ্চে ফিরে এলে দেখা যায়, তার একটি চোখে ব্যান্ডেজ বাঁধা।

জানা গেছে, হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাত লাগার ঘটনায় সংহতি প্রকাশ এবং এর প্রতিবাদ জানাতেই তিনি এ প্রতীকী প্রতিবাদ করেন।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান। এনসিপির দাবি, ওই হামলায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। দলটির অভিযোগ, এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।