
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ২নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার রুবেলের হেফাজত থেকে ৫১ পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮ গ্রাম এবং ২৫টি গাঁজার রোল, যার ওজন আনুমানিক ১০০ গ্রাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার রুবেল নারায়ণগঞ্জ সদর থানাধীন রেললাইন বস্তি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, রুবেলের বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলা রয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।







