বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনেরই মৃত্যু

22
বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেছেন। ছেলে মারুফ, স্ত্রী বিউটি আক্তারের পর সর্বশেষ মারা গেছেন পরিবারের কর্তা মাইদুল ইসলাম (২৪)।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাইদুল ইসলামের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

চিকিৎসক জানান, বিস্ফোরণের ঘটনায় মাইদুলের শ্বাসনালিসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার স্ত্রী বিউটি আক্তার (২২) ৯০ শতাংশ এবং ছেলে মারুফ (৮) ৮০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে বন্দরের একটি টিনশেড বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। মাইদুল ঘরে সিগারেট ধরানোর পরপরই বিস্ফোরণ ঘটে বলে জানান স্বজনরা।

মাইদুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার ছেলে মারুফ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বিউটি ও মাইদুলের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।

এ ঘটনায় একে একে পরিবারের তিন সদস্যেরই মৃত্যু হওয়ায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।