আমি বেঁচে থাকতে ফুটপাতে কোনো হকার বসতে পারবে না -আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় হুশিয়ারি

0
আমি বেঁচে থাকতে ফুটপাতে হকার বসতে পারবে না: আশা
আমি বেঁচে থাকতে ফুটপাতে হকার বসতে পারবে না: আশা

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর হুশিয়ারি প্রদান করেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আবুল কাউসার আশা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “আমি বেঁচে থাকতে ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। ফুটপাত থাকবে সম্পূর্ণ দখলমুক্ত।” তিনি উল্লেখ করেন যে, সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করা এবং শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনা বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। হকারমুক্ত ফুটপাত নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের বলিষ্ঠ লেখনী ও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

আশা তাঁর বক্তব্যে হকার সমস্যার পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং নির্মূলেও কঠোর পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নির্দেশনায় জনস্বার্থে কাজ করা হচ্ছে। উন্নয়নে কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা, আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবনসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।