নারায়ণগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি – এনডিএ চেয়ারম্যান রাজীব

13
পন্টির পরামর্শেই প্রধানমন্ত্রীর কাছে না:গঞ্জের মাদকের চিত্র তুলে ধরেছি
পন্টির পরামর্শেই প্রধানমন্ত্রীর কাছে না:গঞ্জের মাদকের চিত্র তুলে ধরেছি

নারায়ণগঞ্জের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে বাঁচাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির একটি দূরদর্শী ও সময়োপযোগী পরামর্শের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই ইতিবাচক তথ্য প্রকাশ করেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের এই চেয়ারম্যান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনডিএ চেয়ারম্যান বলেন, নারায়ণগঞ্জের মাদক নির্মূলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির দেয়া পরামর্শের বিষয়টি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় তুলে ধরেছি।

মতবিনিময় সভার শুরুতেই এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির বিচক্ষণতার প্রশংসা করে বলেন, “গত ৫ জুলাই আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাই, তখন আমার মাথায় নারায়ণগঞ্জের অনেক উন্নয়ন পরিকল্পনার কথা ছিল। কিন্তু তার ঠিক আগেই নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ ও তাগিদ দেন। তিনি আমাকে নারায়ণগঞ্জের মাদক পরিস্থিতি ও ভয়াবহতা নিয়ে খোদ প্রধানমন্ত্রীর পূর্বের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য স্মরণ করিয়ে দেন এবং এই মরণব্যাধির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।”

এনডিএ চেয়ারম্যান আরও যোগ করেন, “সাধারণ সম্পাদক পন্টির সেই বিশেষ তাগিদ ও দূরদর্শিতাকে সম্মান জানিয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের শুরুতেই প্রথম এজেন্ডা হিসেবে নারায়ণগঞ্জের মাদকের ভয়াবহতার চিত্রটি তুলে ধরি।”

মাসুকুল ইসলাম রাজীব জানান, “যদিও মাননীয় প্রধানমন্ত্রী আগেই মাদকের বিরুদ্ধে তাঁর ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি বা কঠোর অবস্থান ঘোষণা করেছেন এবং মাদক নির্মূলে সরকার দেশজুড়ে কাজ করছে, তবুও এই স্থানীয় ও বাস্তব চিত্রটি শুনে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে নেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে নারায়ণগঞ্জে মাদকের এই ভয়াবহ সিন্ডিকেটের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, আপসহীন ও বিশেষ অভিযান পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।”

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মোস্তফা করিম, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়। এছাড়াও প্রেসক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, শওকত হাসান সৈকত, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব, সাবিত আল হাসান প্রমুখ।