বক্তাবলীর নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার: চাইলেন সকলের সহযোগিতা

11

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের দীর্ঘ অচলাবস্থা, আইনি জটিলতা ও সব জল্পনা-কল্পনার চূড়ান্ত অবসান ঘটেছে। সব ধরনের বিতর্কের সমাপ্তি টেনে অবশেষে ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী ইউপি সদস্য পিংকি আক্তার। এর মধ্য দিয়ে বিতর্কিত ইউপি সদস্য  আব্দুর রশিদের ‘কালো অধ্যায়ের’ আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। দায়িত্ব গ্রহণের পরই দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা নাগরিক সেবা দ্রুত সচল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন নতুন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দায়িত্ব নিয়েই সকলের সহযোগিতা চাইলেন পিংকি আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পিংকি আক্তার ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিগত দিনে নানা জটিলতার কারণে আমাদের ইউনিয়নের সাধারণ মানুষ জন্মনিবন্ধন, সনদপত্রসহ জরুরি নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন, চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। এখন আমার প্রথম ও প্রধান লক্ষ্য হলো আটকে থাকা সেই কাজগুলো দ্রুততম সময়ে শুরু করা।”

এ কাজে তিনি সবার পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, “একজনের পক্ষে ইউনিয়ন চালানো সম্ভব নয়। আমি সংসদ সদস্য, প্রশাসন, আমার সহকর্মী ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বক্তাবলীর সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং পরামর্শে আমরা বক্তাবলী ইউনিয়নকে একটি শান্তিকামী ও সেবামুখী মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।”

রশিদ অধ্যায়ের চিরস্থায়ী বিদায় জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র হত্যাসহ ১১ মামলার আসামি ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদের নানা অপকর্ম এবং ক্ষমতার অপব্যবহারে বক্তাবলী ইউনিয়নে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। জেলা প্রশাসন তাকে অপসারণ করলে তিনি হাইকোর্টে রিট করে পুরো ইউনিয়নের নাগরিক সেবা বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

তবে পরিষদের ৯ জন মেম্বারের কঠোর অনাস্থা এবং স্থানীয় সংসদ সদস্যসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর তীব্র প্রতিবাদের মুখে রশিদের পুনরায় চেয়ার দখলের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। প্রশাসন শুরু থেকেই তাদের সিদ্ধান্তে অটল ছিল যে— কোনো বিতর্কিত ব্যক্তি বা মামলার আসামিকে এই দায়িত্ব দেওয়া হবে না। রশিদের চূড়ান্ত বিদায়ের মাধ্যমে প্রশাসন তাদের সেই প্রতিশ্রুতিই রাখল।

স্বস্তি ফিরেছে বক্তাবলীতে বিতর্কিত রশিদ ছিটকে পড়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৌড়ে প্যানেল চেয়ারম্যান আলমগীর এবং পিংকি আক্তারের নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল। শেষ পর্যন্ত নারী নেতৃত্ব, সবার সঙ্গে সুসম্পর্ক এবং পরিচ্ছন্ন ইমেজের কারণে পিংকি আক্তারকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

তার এই দায়িত্ব প্রাপ্তিতে ইউনিয়নজুড়ে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ ও ইউপি সদস্যরা প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, “আমাদের প্রধান লক্ষ্য ছিল রশিদের মতো একজন ভূমিদস্যু ও মামলার আসামির হাত থেকে ইউনিয়নকে রক্ষা করা। প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

পিংকি আক্তার একজন নারী জনপ্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন বলে আমাদের বিশ্বাস। আমরা সবাই তার পাশে থেকে সহযোগিতা করব।”

এলাকাবাসীর প্রত্যাশা— সকল বিতর্ক আর সংঘাত পেছনে ফেলে পিংকি আক্তারের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়নে পুনরায় শান্তি ও উন্নয়নের ধারা ফিরে আসবে।