ধর্মঘট প্রত্যাহার হলেও বাস ফেরত পাননি মালিক, সন্ধ্যায় থানায় বৈঠক

48
ধর্মঘট প্রত্যাহার হলেও বাস ফেরত পাননি মালিক; সন্ধ্যায় থানায় বৈঠক
ধর্মঘট প্রত্যাহার হলেও বাস ফেরত পাননি মালিক; সন্ধ্যায় থানায় বৈঠক

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজণৈতিক সচিব ও এমপি পুত্রের আশ্বাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হলেও, এখনো আটকে রাখা গাড়িটি ফেরত পাননি ভুক্তভোগী পরিবহন ব্যবসায়ী। বিএনপি নেতা মাহবুবউল্লাহ তপনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং গাড়ি আটকে রাখার অভিযোগে গতকাল এই রুটে আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখেছিলেন শ্রমিকরা। তবে এমপি পুত্র ও প্রশাসনের আশ্বাসের পর চাকা সচল হলেও মূল সংকট এখনো কাটেনি। অবরুদ্ধ বাসটি এখনো থানায় আটকে থাকায় ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগী মালিক ও শ্রমিকদের মাঝে।

গণমাধ্যমের কাছে অভিযোগ করে পরিবহন ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, বিএনপি নেতা তপন তাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদা না দিলে শহরের মিশনপাড়া এলাকা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুমকি দেন তিনি। শুধু তাই নয়, জোরপূর্বক কোম্পানির একটি বাস আটকে রেখে কয়েকজন শ্রমিককে মারধরও করা হয়। এর প্রতিবাদেই গতকাল বাস চলাচল বন্ধ করে দেন ক্ষুব্ধ শ্রমিকরা।

পরবর্তীতে গতকাল বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের পুত্র ও তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি চাঁদাবাজ ও হুমকিদাতাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।” তিনি বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে তাঁর আহ্বানে সাড়া দিয়ে আড়াই ঘণ্টা পর এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

কিন্তু বাস চলাচল শুরু হলেও ভুক্তভোগী মালিক তাঁর গাড়িটি বুঝে পাননি। এ বিষয়ে আজ দুপুরে ব্যবসায়ী দেলোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটকে রাখা বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে নারায়ণগঞ্জ সদর থানায় রয়েছে।

দেলোয়ার হোসেন আরও জানান, গাড়ি ফেরত পাওয়া এবং এই চাঁদাবাজির ঘটনার চূড়ান্ত সুরাহা করতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার মধ্যস্থতায় এই বৈঠকে ভুক্তভোগী পরিবহন মালিক পক্ষ এবং অভিযুক্ত বিএনপি নেতা তপনের পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে। আজকের এই বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছেন পরিবহন সংশ্লিষ্টরা।