কুমিল্লা সদর দক্ষিণ থানায় পিকআপ ভ্যান উপহার দিলেন মোহাম্মদ হাতেম

21
কুমিল্লা সদর থানায় পিকআপ ভ্যান উপহার দিলেন মোহাম্মদ হাতেম
কুমিল্লা সদর থানায় পিকআপ ভ্যান উপহার দিলেন মোহাম্মদ হাতেম

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে জেলা পুলিশের কাছে একটি নতুন পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়েছে। ‘এডভান্স সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন’-এর পক্ষ থেকে এই গাড়িটি উপহার দেওয়া হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুরস্থ এডভান্স সিএনজি ফিলিং স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন তৈরি পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া, সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম, এমবি নিট ফ্যাশনের পরিচালক হাসিন আরমান, হাসিন রাইহান, মঈনুল হাসান, আসিফ হাসান সায়েম, আদিল হাসান সাজিদ, আমিনুর রশীদ ও মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গাড়ির চাবি হস্তান্তরকালে বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকায় পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না থাকায় পুলিশি দায়িত্ব পালন ও টহল দিতে সমস্যা হচ্ছিল বলে আমাকে জানানো হয়। আমি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে অল্প সময়ের মধ্যে একটি পিকআপ ভ্যানের ব্যবস্থা করি। এতে থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালান ও রাহাজানিসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ আগের চেয়ে আরও বেশি গতিশীল ভূমিকা পালন করতে পারবে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আমাদের এই ধরণের মানবিক সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।”

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, “কুমিল্লায় যোগদানের পর অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় আমাদের পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। পরবর্তীতে দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সদর দক্ষিণ মডেল থানায় একটি গাড়ির ব্যবস্থা করে দেন। এই গাড়িটি যুক্ত হওয়ায় আমাদের টহল কার্যক্রমে গতি আসবে এবং থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় সহায়কের ভূমিকা রাখবে।” এ সময় তিনি বিকেএমইএ সভাপতির এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।