
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুমোদনহীন কারখানায় ভোজ্যতেল প্রক্রিয়াজাত ও নকল লোগো ব্যবহার করে বাজারজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রেজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মহিন ভূঁইয়া। তিনি ওই এলাকার ‘মেয়াজ ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানের মালিক।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরকে সাথে নিয়ে জেলা প্রশাসন চেঙ্গাইন এলাকায় অভিযান চালায়। এসময় দেখা যায়, কোনো প্রকার অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল বোতলজাত করা হচ্ছে। অভিযানে বিভিন্ন আকারের গ্যালনে রাখা প্রায় ১২০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়, যেগুলোতে নকল লোগো ব্যবহার করা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রেজা জানান, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অনুমোদনহীনভাবে তেল প্রক্রিয়াজাত করায় মালিককে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া আক্তার জানান, জব্দকৃত তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবে পরীক্ষায় কোনো ধরনের ভেজাল বা ক্ষতিকর উপাদান প্রমাণিত হলে মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।







