
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১৫৭ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযান চলাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা এবং ১৫-এর ৪(খ) ধারা অনুযায়ী ফতুল্লার ভূঁইগড় এলাকার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে সরদার বাড়ি এলাকার ওয়াসিম স্টোর থেকে প্রায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার মোহাম্মদ ওয়াস স্টোর-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







