
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি ও জেলা তাঁতী লীগের নেতা মো. ইরফান উদ্দিন ওরফে ইপু (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ইরফান উদ্দিন ইপু ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর এলাকার দারুস সালাম রোডের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক এবং জেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত ইপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।







