স্ত্রী হত্যা মামলায় ফতুল্লায় স্বামীর মৃত্যুদণ্ড, জরিমানাও

15
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ ফাতেমা আক্তার রেখা হত্যা মামলায় তার স্বামী মোক্তার হোসেন (৫১)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন নারায়ণগঞ্জের গোগনগর বারিরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। নিহত ফাতেমা আক্তার রেখা ফতুল্লার কাশিপুর হাজীবাড়ি স্কুল রোড এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। মোক্তার হোসেন ছিলেন তার দ্বিতীয় স্বামী।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, ২০২২ সালের ২১ নভেম্বর ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় আদালত এ রায় প্রদান করেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক জানান, পারিবারিক কলহের কারণে ফাতেমা আক্তার রেখার সঙ্গে স্বামী মোক্তার হোসেনের বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে মোক্তার হোসেন একই এলাকায় পৃথক বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর রাতের কোনো এক সময় মোক্তার হোসেন ফাতেমা আক্তার রেখার বাসায় প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলেই তার মরদেহ রেখে চলে যান।

ঘটনার পর নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় স্বামী মোক্তার হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রমে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।