
ফতুল্লা অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। গত ১ এপ্রিল এলাকাবাসীর সমস্যা সরেজমিনে পরিদর্শন করার পর, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তিনি নিজেই জুড়ি খাল পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “গত ১ তারিখে ফতুল্লা থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আমি এই খালটি পরিদর্শন করি। মানুষের দুর্ভোগ দেখে জেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে খালটি পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিই।”
তিনি আরও বলেন, “আমরা আশা করছি, খালটি সংস্কারের ফলে বর্ষা মৌসুমে খালকে কেন্দ্র করে পানি নিষ্কাশনের যে সমস্যা হতো, তা আর হবে না। এটি যদিও একটি প্রাথমিক সমাধান, তবে আমরা আমাদের সাধ্যমতো দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করব, যাতে এই অঞ্চলের মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পায়।”
অধ্যাপক মামুন মাহমুদ এই কার্যক্রমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনদুর্ভোগ লাঘব নীতির সঙ্গে তুলনা করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় জনদুর্ভোগ লাঘবে সমস্যা সমাধানে তাতক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা বলেন। আমরা তাঁর সেই নীতিই অনুসরণ করে এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি।”
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শহীদুর রহমান শহীদ সহ ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এড. মামুন মাহমুদের এই দ্রুত উদ্যোগকে স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এলাকাবাসী আশা করছেন, তার নেতৃত্বেই ফতুল্লার জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে।







