
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বৃহত্তর গাবতলী ও ইসদাইর এলাকায় মাদক ও সন্ত্রাসের ভয়াবহ বিস্তার এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে গাবতলী এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি গাবতলী বায়তুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গাবতলী মাজার, দোহার ভিলা, গাবতলী ব্যাংক মোড়, খানকা রোড, ইসদাইর কাপুইরা পট্টি, ইসদাইর বটতলা এবং উত্তর মাসদাইর সরকারী প্রাইমারি স্কুল প্রদক্ষিণ করে। পরে পুনরায় গাবতলী বায়তুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল চলাকালীন মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের এই গুরুত্বপূর্ণ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাবতলী পঞ্চায়েত কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী বায়তুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাশদুকুর রহমান আল ফরিদী, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপি নেতা সহিদুল হক সহিদ, গাবতলী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কাজী এনামুল ফেরদৌস মনা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা কামরুল ইসলাম, নেয়ামুল ইসলাম বাবুল, নজরুল ইসলাম, স্থানীয় মুরুব্বী বেলায়েত হোসেন, রেজাউল করিম বাদল, সুরুজ্জামান সুজন, ক্যাপ্টেন লিয়াকত আলী, সাইফুল আলম, আইয়ুব আলী খান, ডা. আনোয়ার হোসেন, সেন্ট্রাল রোডের পঞ্চায়েত কমিটির সভাপতি মো. শাহ আলম, সাংবাদিক মোস্তফা কামাল, শিকদার পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুর রশিদ, সেক্রেটারী ইদ্রিস আলী।
এছাড়াও মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক নেতা মকবুল খান মুকুল, এনসিপি নেতা জুলফিকার আলী বিপ্লব, মিঠু শিকদার, শরীফ হোসেন, কালাম পাটোয়ারি এবং মিজানুর রহমান মিজান ওরফে মক্কা মিজানসহ এলাকার শত শত ধর্মপ্রাণ সাধারণ মানুষ।
সমাবেশে সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম জীবন বলেন, “মাদকে আমরা আজকে অতিষ্ঠ। বৃহত্তর গাবতলী ও ইসদাইর এলাকায় ব্যাপকভাবে মাদকের বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর এবং দৃশ্যমান অভিযান চালান। বর্তমানে আমরা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর অভিযান দেখতে পাচ্ছি না।”
তিনি আরও বলেন, “মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের বেপরোয়া আচরণের কারণে আমাদের মা-বোনরা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পায়। মাদকাসক্ত ও সন্ত্রাসীরা প্রতিনিয়ত রাস্তায় ছিনতাই করছে। এই সামাজিক ব্যাধি আমরা আর সহ্য করব না। আমরা এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-১১ এর সিও মহোদয়ের সর্বাত্মক ও জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”







