সংকটে গার্মেন্ট, সরকার ও মালিকদের আস্থায় মোহাম্মদ হাতেম

35
সংকটে গার্মেন্ট খাত: সরকার ও মালিকদের আস্থায় মোহাম্মদ হাতেম
সংকটে গার্মেন্ট খাত: সরকার ও মালিকদের আস্থায় মোহাম্মদ হাতেম

দেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নিটওয়্যার খাত বর্তমানে কঠিন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের দাবি, গত দুই বছরে অন্তত চার শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও বহু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, ক্রয়াদেশ কমে যাওয়া এবং নীতিগত বিভিন্ন চ্যালেঞ্জের কারণে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতটি এখন সংকটময় সময় পার করছে।

এমন পরিস্থিতিতে বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)-এর সভাপতি মোহাম্মদ হাতেম শিল্পটিকে টিকিয়ে রাখতে দিন-রাত কাজ করে যাচ্ছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের নিট গার্মেন্ট খাতের একাধিক উদ্যোক্তা।

তাদের ভাষ্য, একদিকে তিনি কারখানা মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন, অন্যদিকে সরকারের সঙ্গে সমন্বয় করে শিল্পের সংকট উত্তরণে ভূমিকা রাখছেন। তাদের মতে, বর্তমান বাস্তবতায় নিট খাতকে রক্ষা করতে মোহাম্মদ হাতেমের নেতৃত্বের বিকল্প নেই।

উদ্যোক্তারা আরও বলেন, সর্বশেষ বিকেএমইএ নির্বাচনে মোহাম্মদ হাতেম বিপুল ভোট ও ব্যাপক সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার পেছনে তাঁর দীর্ঘদিনের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং শিল্পের প্রতি নিবেদিত ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের দাবি, নিট গার্মেন্ট খাতের অধিকাংশ উদ্যোক্তা তাঁকে একজন সৎ, পরিশ্রমী ও সহজ-সরল ব্যবসায়ী নেতা হিসেবে মূল্যায়ন করেন।

শিল্প-সংশ্লিষ্টদের অভিযোগ, গত কয়েক বছরে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, পাকিস্তানসহ প্রতিযোগী দেশগুলোতে স্থানান্তরিত হয়েছে। এর ফলে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

তাদের মতে, বিগত সরকারের কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির কারণেও বর্তমান সংকট আরও গভীর হয়েছে। বিশেষ করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত করার ঘোষণার ফলে ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, যা তৈরি পোশাক খাতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

উদ্যোক্তারা দাবি করেন, বিকেএমইএর কার্যকরী/ভাইস প্রেসিডেন্ট থাকাকালেই মোহাম্মদ হাতেম এ বিষয়ে সরকারের কাছে আপত্তি জানিয়েছিলেন এবং সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরেছিলেন। তবে তখন তাঁর পরামর্শ গুরুত্ব পায়নি বলে তাদের অভিযোগ। বর্তমানে সেই সিদ্ধান্তের প্রভাব মোকাবিলায় সরকারকে শিল্প সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হচ্ছে বলেও তারা মনে করেন।

শিল্প-সংশ্লিষ্টদের ভাষ্য, বর্তমান সরকারও পোশাক শিল্পের সংকট মোকাবিলায় বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এ প্রক্রিয়ায় মোহাম্মদ হাতেম একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কারীর ভূমিকা পালন করছেন বলেও তাদের দাবি।

এদিকে সম্প্রতি এক সংসদ সদস্যের পক্ষ থেকে মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলার ঘটনায় নিট খাতের উদ্যোক্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। উদ্যোক্তাদের অভিযোগ, যথাযথ প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে মামলা ও অন্যান্য বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে, যা তারা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন।

তাদের বক্তব্য, একজন জনপ্রিয় ব্যবসায়ী নেতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরিবর্তে দেশের প্রধান রপ্তানি খাতকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের বিশ্বাস, মোহাম্মদ হাতেমের সততা, অভিজ্ঞতা ও নেতৃত্বই বর্তমানে নিটওয়্যার শিল্পের সবচেয়ে বড় শক্তি এবং এই সংকট উত্তরণে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।