
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখা। জুলাই দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা শহীদদের স্মরণে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব সাঈদ জুনায়েদ এবং মুখ্য সংগঠক আমিন-আল রাজিবসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের বুকের রক্তে অর্জিত গণআকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় ছাত্রশক্তি সর্বদা কাজ করে যাবে।” একই সঙ্গে শহীদদের বিপ্লবী আদর্শ বুকে ধারণ করে দেশ, জাতি ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে রাজপথে অগ্রণী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচির শেষভাগে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁদের শাহাদাত কবুল করে জান্নাতুল ফিরদাউস নসীব করার প্রার্থনা করা হয়।







