
দেশব্যাপী আশঙ্কাজনক হারে সামাজিক অপরাধ, নারী-শিশুদের ওপর সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির ওপর এই তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
বিবৃতিতে এবিএম সিরাজুল মামুন বলেন, “বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পাশাপাশি নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন ও পাশবিকতার ঘটনা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। অতি সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া ‘রামিছা ইস্যু’সহ বিভিন্ন লোমহর্ষক অপরাধ ও নির্যাতনের ঘটনাগুলো প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের মনে আইনের কোনো ভয় বা শাসন নেই। আমাদের মা-বোন ও শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একটি স্বাধীন ও সভ্য দেশে নাগরিকদের জানমাল এবং ইজ্জতের এমন নিরাপত্তাহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
প্রশাসনের শিথিলতার সমালোচনা করে তিনি আরও বলেন, “জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা রক্ষা করা যেকোনো দায়িত্বশীল সরকারের মৌলিক ও প্রধান দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এখনো দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের শিথিলতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই দুষ্কৃতকারী, অন্যায়কারী ও খুনিরা আজ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।”
খেলাফত মজলিসের এই কেন্দ্রীয় নেতা অবিলম্বে রামিছা ইস্যুসহ দেশজুড়ে ঘটে যাওয়া সকল সহিংসতা, নারী নির্যাতন ও অপরাধের সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করার জোর দাবি জানান। একই সাথে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।







